রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে গত রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার তৃতীয় তলার বাথরুমে গামছা পেছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও কোনো জখমের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে।
ধর্ষণের আশঙ্কা
এসআই সাইফুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে এবং এরপর সে আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের পরিচয়
নিহত আব্দুল্লার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে।



