সিজারের মাত্র তিন দিন পর এসএসসি পরীক্ষায় অংশ নিলেন কুড়িগ্রামের মা হাওয়া আক্তার
মাতৃত্ব ও পড়াশোনার দুটি দায়িত্ব একসঙ্গে সামলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের এক শিক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিন দিন পরই পরীক্ষার হলে উপস্থিত হয়ে নিজের দৃঢ় মনোবল ও স্বপ্নপূরণের ইচ্ছার প্রমাণ দিয়েছেন হাওয়া আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী।
কী ঘটেছিল?
খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের সিজারিয়ান অপারেশন হয় গত ১৮ এপ্রিল। অপারেশনের পর শারীরিক দুর্বলতা তাকে দমিয়ে রাখতে পারেনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন ওই মা। সেখানে নির্ধারিত সময়ে ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন তিনি।
পরীক্ষা কেন্দ্রের বিশেষ ব্যবস্থা
এদিকে তার নবজাতক সন্তানকে নিয়ে পরিবারের একজন সদস্য পরীক্ষা কেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। ফলে একদিকে মায়ের পরীক্ষা, অন্যদিকে সন্তানের যত্ন-দুটোই চলছিল একসঙ্গে।
স্থানীয়রা জানান, প্রতিকূলতার মাঝেও লক্ষ্য থেকে না সরে দাঁড়ানোর এ ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য বড় শিক্ষা। হাওয়া আক্তারের এই সাহসিকতা দেখিয়ে দেয়- ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় নয়।
পরীক্ষা কেন্দ্রের প্রধান কী বললেন?
কেন্দ্রের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান, তাদের কেন্দ্রে প্রায় ১১ শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে একজন ছাত্রী মাত্র তিন দিন আগে সিজার হওয়ার পরও পরীক্ষায় অংশ নিয়েছে; যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
এদিকে ওই পরীক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হাওয়া আক্তারের দৃঢ়তা ও অধ্যবসায় সমাজে একটি নতুন বার্তা দিচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।



