ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বিবরণ
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত বৈশাখী মেলায় এই ঘটনা ঘটে। মুক্তাগাছা উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সিয়াম মানকোন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশের বক্তব্য
সিয়ামের পরিবারের বরাতে পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। হঠাৎ করে সিয়ামের মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুক্তাগাছা থানা মামলা হয়েছে।
মুক্তাগাছা থানা ওসি কামরুল ইসলাম বলেন, বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনায় মামলা দায়ের হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



