অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে বৃহস্পতিবার রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ হজযাত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
হাসপাতালে মন্ত্রীর তৎপরতা
এ সময় হাসপাতালের পরিচালক, কর্তব্যরত চিকিৎসক ও হজযাত্রীর স্বজনদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হাসপাতালের পরিচালককে অনুরোধ জানান।
হজযাত্রীর শারীরিক অবস্থা
উল্লেখ্য, হজযাত্রী গোলাম মোস্তফা (৭৪) সস্ত্রীক হজে যাওয়ার জন্য হজক্যাম্পে আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় হজক্যাম্পে আসার পর তাকে প্রথমে হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তার রক্তে উচ্চমাত্রার ব্লাড সুগার শনাক্ত করেন এবং তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে হজযাত্রীর অবস্থা অপরিবর্তিত রয়েছে।
ফ্লাইটের সিদ্ধান্ত
ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ (শুক্রবার) রাত ৯টা ১০ মিনিটে অসুস্থ এই হজযাত্রীর ফ্লাইট নির্ধারিত রয়েছে। ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এ হজযাত্রীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



