চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেয়রের নেতৃত্বে ১৯ সদস্যের কমিটি
চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে মেয়রের নেতৃত্বে কমিটি

তিন দশক ধরে চট্টগ্রাম শহর ভয়াবহ জলাবদ্ধতার শিকার। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করলেও এর সুফল মিলছে না। সর্বশেষ মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রাম শহরের অধিকাংশ নিচু এলাকা এবং নতুন নতুন কিছু এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হলে নাগরিক দুর্ভোগের বিষয়টি আবারও সামনে আসে।

নতুন কমিটি গঠন

এ অবস্থায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রকে আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ সংক্রান্তে মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

কমিটির সদস্যবৃন্দ

কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে। কমিটির অন্য সদস্যরা হলেন:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • ব্রিগেড কমান্ডার, ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড, বাংলাদেশ সেনাবাহিনী
  • ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম ওয়াসা
  • চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন)
  • চট্টগ্রামের জেলা প্রশাসক
  • উপসচিব, সিটি করপোরেশন-১ শাখা, স্থানীয় সরকার বিভাগ
  • সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)
  • প্রকল্প পরিচালক, জলাবদ্ধতা নিরসন প্রকল্প, ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড
  • সদস্য (প্রকৌশল) সিডিএ
  • চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব
  • চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী
  • চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা
  • চিফ হাইড্রোগ্রাফার, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
  • বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী
  • প্রকল্প পরিচালক, জলাবদ্ধতা নিরসন প্রকল্প, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
  • এমডি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
  • প্রকল্প পরিচালক, চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ বিভাগ, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড
  • শাহরিয়ার খালেদ, খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ

সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।

কমিটির দায়িত্ব

অফিস আদেশে বলা হয়, এ কমিটি চট্টগ্রাম মহানগরীর সব খাল ও পানি নিষ্কাশন নালাসমূহ সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় সাধন করবে। মহানগরীর জলাবদ্ধতাসহ জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ অন্যান্য কাজের সমন্বয় সাধন করবেন। গঠিত কমিটি প্রয়োজনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজের দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন তদারকি করবেন। কমিটি প্রয়োজনে সময়ে সময়ে সভা আহ্বানপূর্বক উন্নয়নমূলক ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি ও সমন্বয় করবেন। চট্টগ্রাম মহানগরীর জনস্বার্থে যে কোনো বিষয় সময়ে সময়ে সরকারকে সুপারিশ করবেন এবং প্রয়োজনে কমিটি বিভিন্ন দপ্তর-সংস্থার সদস্যকে কো-অপ্ট করতে পারবেন।