ঈদুল আজহায় যাত্রী নিরাপত্তায় বিআরটিএ’র ব্যাপক তৎপরতা
ঈদুল আজহায় যাত্রী নিরাপত্তায় বিআরটিএ’র তৎপরতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেল। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন খাতে অনিয়ম রোধে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, ভিজিলেন্স টিম গঠন এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

সচেতনতামূলক কার্যক্রম ও ভিজিলেন্স টিম

রোববার দিনব্যাপী ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ টার্মিনাল, মাসকান্দা বাস টার্মিনাল এবং ঢাকা বাইপাস এলাকায় বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে যাত্রী সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া প্রদান না করা, নির্ধারিত আসনসংখ্যার অতিরিক্ত যাত্রী বহন না করা, নিরাপদে সড়ক পারাপার এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানানোর বিষয়ে সচেতন করা হয়।

ঈদ-পরবর্তী যাত্রীসেবার মান বজায় রাখতে মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং জেলা ট্রাফিক পুলিশের সমন্বয়ে একটি বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। টার্মিনাল থেকে প্রতিটি যানবাহন ছাড়ার আগে ভিজিলেন্স টিম গাড়ির কাগজপত্র, যাত্রীসংখ্যা ও ভাড়া সংক্রান্ত বিষয় যাচাই-বাছাই করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চালকদের ব্রিফিং ও মোবাইল কোর্ট

এছাড়া বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের পক্ষ থেকে প্রতিটি যানবাহন ছাড়ার আগে চালকদের সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হচ্ছে। এতে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং ট্রাফিক সাইন-সিগন্যাল মেনে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-১৯ এবং ঈদ উপলক্ষে গঠিত স্পেশাল মোবাইল কোর্ট টিম। এসব টিম অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নজরদারি ও হেল্পলাইন

বিআরটিএ কর্মকর্তারা জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া বিআরটিএ সদর কার্যালয়ে পরিচালিত ন্যাশনাল হেল্পলাইন সার্বক্ষণিক খোলা রয়েছে। যাত্রীরা সড়ক পরিবহন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য হেল্পলাইনের মাধ্যমে জানাতে পারবেন।