উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে এই ব্যবস্থা গ্রহণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
তিন এজেন্সির লাইসেন্স বাতিল
লাইসেন্স প্রত্যাহার করা এজেন্সিগুলো হলো আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব এজেন্সির বিরুদ্ধে প্রতারণামূলকভাবে কর্মী প্রেরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।
ভুক্তভোগীদের ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ
মন্ত্রী আরও জানান, প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণকৃত এই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন।
সতর্কতা ও পরামর্শ
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ যেতে চাওয়া নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে কঠোর অবস্থান নিয়েছে এবং জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।



