ফরিদপুর সদর উপজেলার ৩নং নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খার ডাংগী গ্রামের বাসিন্দা মো. শাকিল শেখ (ভাগিনা শাকিল) ঢাকার কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা মাঠের গরুর হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে নগদ টাকাসহ নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যা থেকে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সর্বশেষ বাড়ির লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শাকিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শাকিল শেখ ফরিদপুর সদর উপজেলার ৩নং নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খার ডাংগী গ্রামের বাসিন্দা। তিনি মোতালেব শেখের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘ভাগিনা শাকিল’ নামে পরিচিত।
পরিবারের সদস্যরা জানান, গরু বিক্রির টাকা সঙ্গে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
শাকিলের বড় মামা ও ব্যবসায়ী শামীম শেখ পরিবারের পক্ষ হতে শাকিলকে খুঁজে পেতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, 'আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান নেই। যে কেউ যদি কিছু জানেন, তাহলে দয়া করে আমাদের জানান।'



