কুমিল্লার হোমনা উপজেলায় নিজের পালিত ষাঁড় গরুর শিংয়ের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওই গ্রামের মৃত আবুল হাশেমের স্ত্রী আমেনা বেগম (৭৫)।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গরুটি ঘারমোড়া বাজারে নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের করা হলে এটি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। এ সময় সামনে থাকা আমেনা বেগমকে শিং দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের বক্তব্য
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি দুপুরের দিকে ঘটে। গরুটি তাদের নিজেদেরই ছিল। আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।



