ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ী এলাকায় নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে বিজয় বর্মণ (২৬) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় ও পারিবারিক অবস্থা

নিহত বিজয় ওই এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মণের ছেলে। তার এক বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, মাদকসংশ্লিষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ঘটনার বিবরণ

নিহতের জ্যাঠাতো ভাই সুব্রত বর্মণ জানান, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে বিজয় কয়েকজন মাদকাসক্ত বন্ধুর সঙ্গে ময়মনসিংহ শহরে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরেন। রাত ১২টার দিকে আবারও এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের একটি জঙ্গলে আড্ডা দিতে দেখা যায় তাকে। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও জানান, শনিবার সারাদিন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুরে কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ও পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করেন।

পুলিশের বক্তব্য

কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ