মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আধিপত্য বিস্তার ও গরুর হাটের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল ১০টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন এলাকায় বাউল গ্রুপ ও সরকার গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের পরিচয়
সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধরা হলেন- শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮) ও হৃদয় সরকার (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দীর্ঘদিনের বিরোধ
পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর হাটের ইজারা, বালুচর বাজারের বণিক সমিতির নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শহীদ বাউল গ্রুপ ও খোকন সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশের ব্যবস্থা
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বালুচর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আধিপত্যকে কেন্দ্র করে মারামারি হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাউল ও সরকার গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



