চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ধাপে ধাপে নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নির্বাচন ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এক বছরের মধ্যে পাঁচটি নির্বাচন শেষ করার লক্ষ্য
মীর শাহে আলম বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের পাঁচটি প্রধান স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, আমরা আশা করছি চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারব।
নির্বাচনের ক্রম বাজেটের ওপর নির্ভরশীল
কোন নির্বাচন আগে হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, কোন নির্বাচন আগে বা পরে হবে তা চূড়ান্ত করা হবে বাজেটপ্রাপ্তির ওপর ভিত্তি করে। তিনি বলেন, নির্বাচন আসলে বর্ষা মৌসুমের পরে শুরু হবে বলে আমি মনে করি। কারণ, বাংলাদেশে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হয়। স্থানীয় সরকার নির্বাচন আরও বেশি উৎসবমুখর হয়। যেসব নির্বাচনে অপেক্ষাকৃত বেশি বাজেটের প্রয়োজন, সেগুলো পরের ধাপে সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনের সাথে সমন্বয়
স্থানীয় সরকারের নির্বাচন করতে কত ব্যয় হবে, তা জানতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা ব্রিফিংয়ে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তারা তাদের ফরম্যাট অনুযায়ী এই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট প্রস্তাব করবে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে ধাপে-ধাপে আমরা পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করব। এই সময়ের মধ্যেই আগে-পরে যে কোনো সময় ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও হবে।
গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে সরকার বদ্ধপরিকর
সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সচল ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাজেট বরাদ্দ পাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলোর সাথে সমন্বয় করে চূড়ান্ত তফসিল ও প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বিএনপির অবস্থান
কয়েকটি দল ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা শুরু করেছে। এক্ষেত্রে বিএনপি কী করবে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, অন্য দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে। আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না, আমাদের দলের লোকজন নির্বাচন করবে নিরপেক্ষভাবে। বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল। যে কোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে আমাদের। নির্বাচনের প্রস্তুতি থাকে, ভোটের প্রস্তুতি থাকে। আমাদের নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই।



