গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকায় চাঁদা না পেয়ে একটি পরিবারের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই বাড়ির মালিকসহ অন্তত ১০টি পরিবার। বাধ্য হয়ে বাসিন্দারা ঘরের ছাদের ওপর দিয়ে মই বেয়ে যাতায়াত করছেন।
ভুক্তভোগীদের বক্তব্য
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, কয়েক বছর আগে ৪ শতাংশ জমি সাফ কবলা দলিলে কিনে নেন তমা আক্তারের স্বামী সাইফুল ইসলাম। বাড়িটি কেনার সময় উত্তর দিক দিয়ে ৪৬ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থ রাস্তাসহ কেনা হয়। হঠাৎ করেই তাদের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন স্থানীয় প্রভাবশালী নিলু চাঁন খান নামের এক ব্যবসায়ী। রাস্তাটি তার ব্যক্তিগত দাবি করলেও তার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। রাস্তা বন্ধ করে দেওয়ায় ১০টি পরিবার চলাচল করতে পারছে না। তারা দুই দিন ধরে মই বেয়ে চলাচল করছেন।
ভুক্তভোগী তমা আক্তার যুগান্তরকে বলেন, তার স্বামী প্রবাসে থাকায় তিনি দুই ছেলে সন্তান ও ভাড়াটিয়াদের নিয়ে বসবাস করছেন। প্রতিবেশীর সঙ্গে আগে থেকেই বিরোধ ছিল। সম্প্রতি রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুল কুদ্দুস বলেন, প্রতিদিন কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন তারা। হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এখন মই বেয়ে বাড়িতে ওঠানামা করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টকর।
অভিযুক্তের বক্তব্য
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নিলু চাঁন খান বলেন, জমি ক্রয়ের সময় রাস্তার উল্লেখ থাকলেও ভুক্তভোগী নির্ধারিত সীমার বাইরে দখল নিয়েছে। তাই তিনি নিজের জায়গা বুঝে নিয়ে রাস্তা বন্ধ করেছেন।
পুলিশের অবস্থান
গাছা মেট্রো থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দুপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত সমাধানের জন্য রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



