শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে গৃহহীন হীরাকে নতুন ঘর উপহার প্রতিমন্ত্রীর
শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে গৃহহীন হীরাকে নতুন ঘর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মোংলায় গৃহহীন হীরা আক্তারকে নতুন একটি ঘর উপহার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

গৃহহীন হীরার কষ্টের দিন শেষ

মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকায় ভূমি ও গৃহহীন হীরা আক্তার পলিথিনের জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। গরম, বর্ষা ও শীতে তার পরিবারকে চরম কষ্ট পেতে হতো। একপর্যায়ে তিনি স্থানীয় এমপি ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের কাছে ঘর চেয়ে সাহায্য চান। প্রতিমন্ত্রী তার আবেদনে সাড়া দিয়ে নতুন ঘর নির্মাণ করে দেন।

প্রতিমন্ত্রীর উপস্থিতি ও শুভেচ্ছা

ঘর পাওয়ার পর হীরার ইচ্ছা ছিল প্রতিমন্ত্রী যেন নতুন ঘরটি দেখে যান। তার সেই আবদার পূরণে শুক্রবার সিগনাল টাওয়ার এলাকায় হীরার নতুন ঘরে যান প্রতিমন্ত্রী শেখ ফরিদ। এ সময় দলীয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঘরটি ঘুরে দেখেন এবং হীরা পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি প্রমুখ।

হীরার আবেগঘন প্রতিক্রিয়া

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হীরা আক্তার (২০) বলেন, 'পাখিরও থাকার বাসা আছে, কিন্তু আমার তাও ছিল না। আমি আর আমার মা পলিথিনের ঝুপড়ি ঘরে থাকতাম, খুব কষ্ট হতো। অন্যের বাড়ি কাজ করে যা পাই তা দিয়ে মাকে নিয়ে খাই। মা অসুস্থ, কাজ করতে পারেন না। নিজে যা পাই তা দিয়ে খাওয়াই ঠিকমতো হয় না। খেয়ে না খেয়ে থাকি, আর ঘর করব কী দিয়ে? একদিন প্রতিমন্ত্রীর কাছে যাই ঘরের জন্য। তিনি সঙ্গে সঙ্গেই ঘর করে দেওয়ার কথা বলেন। এখন নিরাপদে থাকার ব্যবস্থা হয়েছে। আমি ও আমার মা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মঙ্গল করেন।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রীর বক্তব্য

প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, 'নির্বাচনের সময় আমরা অঙ্গীকার করেছিলাম সমাজের সমস্যাগ্রস্ত মানুষের পাশে থাকব। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে হীরাকে নতুন ঘর উপহার দেওয়া হলো। এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে? এখন হীরার পরিবারকে রোদ, বৃষ্টি ও শীতে কষ্ট পেতে হবে না। যারা ভালো অবস্থানে আছি, আমাদের সবার উচিত সমাজের এমন মানুষের প্রতি খেয়াল রাখা।'