সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি খাতে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আমাদের মূল লক্ষ্য মানুষের মূল্যবোধ, মানুষের সম্মান ও অধিকার নিশ্চিত করা।
৫৫ বছর পূর্তি উদযাপন
রোববার (১৭ মে) রাজধানীর শ্যামলীতে এসওএস চিলড্রেন ভিলেজেস এর ৫৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি সব সময় ভালো কিছুর সাথে, দেশের মঙ্গলের সাথে, মানুষের সাথে থাকতে অভ্যস্ত। এজন্য সবার আগে বাংলাদেশ।
এসওএস চিলড্রেন ভিলেজেসের ভূমিকা
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ গত ৫৫ বছর ধরে আমাদের দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারগুলোর জন্য আশা ও সহানুভূতির প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। বাচ্চাদের গড়ে ওঠার জন্য এসওএস শিশু পল্লী একটি আদর্শ প্রতিষ্ঠান। পরিবারভিত্তিক যত্ন এবং শিশু সুরক্ষায় সংস্থাটির এই অবিচল প্রতিশ্রুতির কথা বাংলাদেশ সরকার গভীরভাবে মূল্যায়ন করে।
প্রতিমন্ত্রীর বক্তব্য
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, যৌথ পরিবারের বাইরে মায়া, মমতা, স্নেহ, আদর যত্নে ভালোবাসা দিয়ে বড় হওয়া যায় সেরকমই একটি প্রতিষ্ঠান এসওএস চিলড্রেনস ভিলেজেস। তিনি বলেন, প্রকৃত জাতীয় উন্নয়ন তখনই সম্ভব যখন আমাদের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বিকশিত হওয়ার সুদৃঢ় ভিত্তি গড়ে দেওয়া যায়। সুবিধাবঞ্চিত তরুণদের স্বাধীন ও দেশের অবদানকারী নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন টেকসই ও দীর্ঘমেয়াদি সেবার মডেল তৈরি করার জন্য তিনি সংস্থাকে সাধুবাদ জানান।
ব্যারিস্টার জাইমা রহমানের বক্তব্য
বিশেষ অতিথি ব্যারিস্টার জাইমা রহমান বলেন, এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ আজ অত্যন্ত গর্বের সাথে এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এর মাধ্যমে দেশজুড়ে সুবিধাবঞ্চিত শিশু, তরুণ ও পরিবারের সেবা, যত্ন, সুরক্ষা এবং ক্ষমতায়নে সংস্থাটির সুদীর্ঘ ৫৫ বছরের গৌরবময় পথচলা পূর্ণ হলো। তিনি এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।



