বান্দরবানের দুর্গম রেতলাং এলাকা ও এর আশপাশে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানের সূচনা ও পটভূমি
গতকাল বৃহস্পতিবার রাতে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রেতলাং এলাকায় গত ২৮ জুন থেকে নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোলাগুলি ও বর্তমান পরিস্থিতি
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।
তথ্য প্রকাশে সতর্কতা
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অভিযানের নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে বেশি তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে। সবাইকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।



