রাজু হত্যা মামলায় মূল শুটারসহ গ্রেফতার ৬, অস্ত্র জব্দ
রাজু হত্যা মামলায় মূল শুটারসহ গ্রেফতার ৬

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় মোহাম্মদ হাসান রাজু হত্যা মামলায় ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং হামলার পর পালিয়ে যেতে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা কারা

গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দুল করিম (২৭), আবদুল মান্নান (৩৭), মো. ইউনুস, মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বকর সিদ্দিক ওরফে খোকন (৪৮) এবং আজগর আলী ওরফে বাচা মিয়া (৩৯)। এদের মধ্যে সৈয়দুল করিম মূল শুটার ও অটোরিকশাচালক আবদুল মান্নান।

ঘটনার বিবরণ

মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, রাউজানের কদলপুর এলাকার দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের অংশ হিসেবে রাজুকে হত্যা করা হয়। প্রায় দুই সপ্তাহ আগে একই এলাকার 'মধু নাসির' হত্যা মামলার আসামি ছিলেন রাজু। ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই অভিযুক্তরা প্রায় দুই সপ্তাহ ধরে পরিকল্পনা করে হামলা চালায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্তের অগ্রগতি

সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ব্যবহৃত অটোরিকশাটি শনাক্ত করা হয়। প্রথমে চালক আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সৈয়দুল করিমকে আটক করা হয়। তার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা হয়েছে। এরমধ্যে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এছাড়া সৈয়দুল করিম ও আজগর আলীর বিরুদ্ধেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার দিন

গত ৭ মে রাত পৌনে ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া গলিতে ভাড়া বাসার সামনে রাজুকে কাছ থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় পথচারী রেশমী আক্তার নামে এক শিশু চোখে গুলিবিদ্ধ হয়েছে। শিশুটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।