বরগুনায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে হামলায় আহত ব্যক্তির মৃত্যু
বরগুনায় নারিকেল পাড়া নিয়ে হামলায় আহতের মৃত্যু

বরগুনার পাথরঘাটায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আলম ফিটার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১১ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ঘটনার বিবরণ

এর আগে রোববার (১০ মে) বিকালে উপজেলার চরলাঠিমারা গ্রামে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলম ফিটারের সঙ্গে প্রতিবেশী ইলিয়াস, আল আমিন, বেলায়েত ও সাইফুলের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়। কয়েক দিন আগে আলম তার সীমানার ভেতরে থাকা একটি নারিকেল গাছ থেকে ডাব পাড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে ইলিয়াসের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়।

হামলা ও চিকিৎসা

একপর্যায়ে ইলিয়াস ভারি লাঠি দিয়ে আলমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। পরবর্তীতে বরিশাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

নিহতের মেয়ে বলেন, 'আমাদের সামনেই বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।' নিহতের ছেলে ফোরকান বলেন, 'বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি দীর্ঘদিন এলাকায় ছিলাম না। সেই সুযোগে ইলিয়াস ও তার সহযোগীরা বাবার ওপর হামলা চালিয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নারিকেল গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় আলম ফিটারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।' তিনি আরও বলেন, 'এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'