মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্বশত্রুতার জেরে প্রান্ত সরকার (২৩) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার বিবরণ
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিরাজদিখানের শেখরনগর দক্ষিণহাটি এলাকার রমিজের বাড়ির ব্রিজে এই ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, দুই যুবক ক্রিকেট ব্যাট দিয়ে প্রান্ত সরকারের মাথায় আঘাত করে গুরুতর আহত করে।
অভিযোগ ও প্রতিক্রিয়া
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শেখরনগর দক্ষিণহাটী গ্রামের শংকর সরকারের ছেলে প্রান্ত সরকার রমিজের বাড়ির ব্রিজের উপর বসেছিলেন। পূর্বশত্রুতার জেরে তার চাচাতো বোন অর্পা সরকারকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে প্রতিপক্ষ।
আহতের বাবা শংকর সরকার জানান, এ সময় বাধা দেওয়ায় পূর্বপরিকল্পনা অনুযায়ী পলাশ সরকার (২৫) ও শিমুল সরকার (২৩) ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে তারা হাতে থাকা স্ট্যাম্প দিয়ে প্রান্তের মাথায়, পায়ে ও হাতে আঘাত করে জখম করে।
অভিযুক্ত শিমুল সরকার দাবি করেন, তিনি পরে গিয়ে মারপিট থামিয়েছেন।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



