যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানার নামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মানহানিকর সংবাদের প্রতিবাদে বুধবার প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য
সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেলা যুবদল সব প্রকার অত্যাচার, হামলা ও মামলা মোকাবেলা করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ ও জনগণের পাশে ছিল। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফ্যাসিস্ট সরকারের দেশ ত্যাগের পর যশোর জেলা যুবদল পুনর্গঠন করে কেন্দ্রীয় কমিটি। এ ক্ষেত্রে আহ্বায়ক হিসেবে এম তমাল আহমেদ ও সদস্য সচিব হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা তিনি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছেন।
আনসারুল হক রানা আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করা হয়েছে এবং তা ধরে রাখতে অব্যাহতভাবে কাজ করা হচ্ছে। কিন্তু একটি কুচক্রীমহল যুবদলের ঐক্য বিনষ্টের মাধ্যমে পুরো জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে।
মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ
তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি দৈনিকে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িতসহ গর্হিত নানা কাল্পনিক তথ্য সম্বলিত খবর প্রচার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এই বিষয়ে তিনি বা যুবদলের কোনো নেতাকর্মী জড়িত নন।
আনসারুল হক রানা বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে দলের ভেতরে ঘাপটি মেরে থাকা গুপ্ত সংগঠনের কর্মী ও নীতিবিবর্জিত পূর্বেই বহিষ্কৃত কতিপয় নেতাকর্মী ও তাদের দোসর এবং ফ্যাসিবাদী ঘরানার কিছু পত্রিকা আন্দোলন ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে অব্যাহতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে চালানো ওইসব অসত্য ঘটনা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা তদন্ত করলে এর সত্যতা পাবেন।
উপস্থিত নেতৃবৃন্দ
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।



