ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো বুধবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ
সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
সাইবার নিরাপত্তায় সহায়তা কামনা
আইজিপি সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদানে ইতালির সহায়তা কামনা করেন। এছাড়া তিনি উভয় দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



