ফেনীর দাগনভূঞা উপজেলায় বাসের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বিকেলে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার বাংলাবাজার এলাকায় আহত হন তিনি।
নিহত ব্যক্তির পরিচয়
নিহত ব্যক্তির নাম জুনায়েদ কাওছার (৩২)। তিনি চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। জুনায়েদ দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে পৌরসভার কাজে কার্যালয়ের বাইরে ছিলেন জুনায়েদ কাওছার। কাজ শেষে নিজের মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পেছন থেকে একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন। আহত অবস্থায় তাঁকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। হাসপাতালটিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।
শোক ও আইনি ব্যবস্থা
জুনায়েদ কাওছারের মৃত্যুর বিষয়টি দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পৌরসভার সব কর্মী শোকাহত। নিহত কাওছারের লাশ দাফনের জন্য হাসপাতাল থেকে চট্টগ্রামে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
ফেনীর মহীপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটিকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



