সিলেটে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার, অপহৃত যুবক উদ্ধার
সিলেটে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার, যুবক উদ্ধার

সিলেট মহানগরীর কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক যুবতীসহ অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক যুবককে ডেকে এনে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা

গ্রেফতাররা হলেন— মীম আক্তার নাহিদা (২২), মিল্লাত (২০), শিল্পী বেগম ওরফে শিল্পী দেওয়ান (৪০), এমরান খান (২৪) এবং স্বপন আহমেদ (২৩)।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, ভুক্তভোগী জিল্লুর রহমানের (২৭) সঙ্গে কিছুদিন আগে মোবাইল ফোনে মীম আক্তার নাহিদার পরিচয় হয়। সেই সূত্র ধরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে এয়ারপোর্ট থানার ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার বড়বাজার গলির মুখে দেখা করতে ডাকা হয়। জিল্লুর সেখানে পৌঁছলে মীম ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে কুনিপাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে আটকে রাখা হয় এবং তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এছাড়া তার কাছ থেকে ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও আইনানুগ ব্যবস্থা

একপর্যায়ে জিল্লুরের চিৎকার শুনে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ