হবিগঞ্জের লাখাই উপজেলায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে বড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মুড়িয়াউক গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, মুড়িয়াউক গ্রামের বাবুল মিয়া ও আক্তার মিয়া ঢাকায় ফেরি করে মাছ বিক্রি করেন। সম্প্রতি তাদের দুই শিশুপুত্রের মধ্যে লুডু খেলা নিয়ে ঝগড়া হয়। পরে বিষয়টি দুই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের মধ্যে হাতাহাতিতে গড়ায়।
উত্তেজনা বাড়ে ঈদের আগে
ঈদের আগে বাবুল মিয়া ও আক্তার মিয়া গ্রামে এলে উত্তেজনা আরও বাড়ে। সোমবার বিকালে আক্তার মিয়ার পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নিলে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।
মঙ্গলবারের সংঘর্ষ
পরে মঙ্গলবার দুপুরে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের ওপর ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের বক্তব্য
লাখাই থানার ওসি শরীফ আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে।



