ফরিদপুরে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে পাঁচজন নিহত
ফরিদপুরে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ৫

মাদারীপুরের একই পরিবারের চার সদস্য অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। পথে যাত্রীবাহী বিআরটিসির একটি বাস ওভারটেকিং করার সময় তাদের অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালকসহ সবাই নিহত হন।

দুর্ঘটনার বিবরণ

রবিবার (২৪ মে) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাজার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি ওভারটেকিং করার সময় সামনে থেকে আসা অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষ বাধে। প্রচণ্ড ধাক্কায় অ্যাম্বুলেন্সটি ভেঙেচুরে যায়।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন: মাদারীপুর জেলা সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা হাজী আব্দুর ওহেদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৬২) ও তার স্ত্রী মাজেদা বেগম (৫৫) এবং ভাই আলমগীর হোসেন মোল্লা (৫৮) ও তার স্ত্রী খুরশিদ বেগম (৪৮)। এ ছাড়া অ্যাম্বুলেন্সের চালক মাদারীপুর সদরের সৈদারবালী এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে কাওসার মাতুব্বর (২৫) নিহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার তৎপরতা

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ মাদারীপুরের একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টের জন্য হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

আইনানুগ ব্যবস্থা

নগরকান্দা থানার ওসি সামদানি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ