বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ভারত। শনিবার (৩০ মে) ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শ্রদ্ধা জানানো হয়।
ভারতের পোস্টে কী বলা হয়েছে
পোস্টে বলা হয়, “আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি; যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।”
এতে আরও বলা হয়, “আজও তখনকার মতোই ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের গৌরবগাথা এবং দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।”
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল বিদ্রোহী সদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুবার্ষিকীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।



