প্রত্যাহার করা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। রোববার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে কী বলেছেন আবু হানিফ
ফেসবুক পোস্টে আবু হানিফ লিখেছেন, সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। গত তিনদিন আগে তিনি মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। এর আগে সিলেটের পাথর খেকোদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাদারিত্ব বজায় রেখে কাজ করায় আওয়ামী লীগের সময়ও তাকে শাস্তি পেতে হয়েছিল। একজন সৎ দেশপ্রেমিক কর্মকর্তা বারবার পরাজিত হয়েছে অসাধু চক্রের কাছে।
তিনি আরও লেখেন, প্রশাসনে বদলি স্বাভাবিক বিষয় হলেও সারওয়ার আলমের ক্ষেত্রে স্বাভাবিক বলার অবকাশ নেই। তিন দিন আগে মাজারের অব্যবস্থাপনা নিয়ে কথা বলাতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা সহজেই অনুমেয়। সরকারের উচিত তাকে পুনর্বহাল করা। তা না হলে জনগণের মনে প্রশ্ন জাগবে এই সরকারও কি সিন্ডিকেটের কাছে জিম্মি।
সারওয়ার আলমের ভূমিকা
সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মাজার ব্যবস্থাপনা ও পাথর খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আলোচিত হন। তার বদলি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। গণঅধিকার পরিষদ দাবি করছে, সৎ কর্মকর্তাকে অপসারণ করে সরকার অসাধু চক্রের কাছে জিম্মি হচ্ছে কিনা, তা স্পষ্ট নয়।



