নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৪) নামের এক জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। টর্চলাইট জ্বালিয়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
গুলিবিদ্ধ মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন মুখোশধারী এসে টর্চলাইট জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
উদ্ধার ও চিকিৎসা
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
রাজনৈতিক প্রতিহিংসার শঙ্কা
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে এসে মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে আমরা ধারণা করছি।
পুলিশের বক্তব্য
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আহতের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



