যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট
যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এজমল হোসেন পাইলট। নতুন এই দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকা নেত্রকোনার কলমাকান্দায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হন এজমল হোসেন পাইলট।

প্রাথমিক জীবন ও রাজনৈতিক পটভূমি

এজমল হোসেন পাইলটের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের চত্রংপুর গ্রামে। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে তিনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একজন পরিচিত রাজনৈতিক সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক জীবনে এজমল হোসেন পাইলট একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মহসিন হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০১০ সালে কেন্দ্রীয় ছাত্রদলের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক, ২০১২ সালে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৪ সালে কেন্দ্রীয় ছাত্রদলের এক নম্বর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য পরিচিতি লাভ করেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি একাধিকবার মামলা, গ্রেফতার, কারাবরণ এবং নানা ধরনের রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবুও দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিক সম্পৃক্ততার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে নেতাকর্মীরা মনে করেন।

নির্বাচনী ভূমিকা ও বর্তমান দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ওই নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। বর্তমানে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিক্রিয়া

এ বিষয়ে এজমল হোসেন পাইলট বলেন, জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দলের নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।