কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়ের
মঙ্গলবার (৩ জুন) হেলাল উদ্দিন সরকার নামে এক বিএনপি নেতা বাদী হয়ে হোমনা থানায় এই অভিযোগ দায়ের করেন। সোমবার (২ জুন) বিকেলে চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয়রা জানান, সোমবার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে জামায়াতের একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছিল। বিএনপি নেতারা অফিসের সামনে সভা না করার অনুরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে উভয় পক্ষ থেকে পরস্পরবিরোধী অভিযোগ করা হয়েছে।
বিএনপির বক্তব্য
হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, জামায়াতের নেতাকর্মীরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে তাদের সাংগঠনিক সভার আয়োজন করে, যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। আমাদের কর্মী-সমর্থকরা আপত্তি জানালে ক্ষুব্ধ হয়ে জামায়াত নেতারা হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করছি প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনবে।
জামায়াতের বক্তব্য
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, অভিযোগ সত্য নয়। যতটুকু শুনেছি, একটি সভাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়েছে। কিন্তু হামলা করে দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন। আমরা এ ধরনের রাজনীতি করি না। পুলিশ তদন্ত করলে সব তথ্য বের হয়ে আসবে।
পুলিশের অবস্থান
হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তদন্ত করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।



