নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩১ মে) সকালে এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান।
ঘটনার বিবরণ
এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাকিব ওই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন।
বিরোধের সূত্রপাত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন-চার দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয়পক্ষের লোকজন জড়ো হয়।
হামলার ঘটনা
এ সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে রাকিব তার ছোট ভাই রিমনকে নিয়ে বাড়ির পথে বাজার এলাকার একটি অন্ধকার স্থানে দুর্বৃত্তরা পথরোধ করে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটালে সে গুরুতর আহত হয়। ভাইকে বাঁচাতে গেলে ছোট ভাই রিমনও আহত হন।
হাসপাতালে মৃত্যু
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মড়েল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং হামলাকারীদের পরিচয় জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



