বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, একটি সুন্দর সমাজ গঠনে মহান আল্লাহর নির্দেশিত কুরবানির ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা ব্যক্তি জীবনে আমাদের কাজে লাগাতে হবে। তিনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ ও আত্মশুদ্ধির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ঈদের আনন্দ সকলের মাঝে বিলিয়ে দিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ঈদগাহে শুভেচ্ছা বক্তব্য
বৃহস্পতিবার (২৮ মে) দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাতের আগে সমবেত মুসল্লি, দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে ড. খন্দকার মারুফ এসব কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক নেতা মানে জনগণের শাসক নয়। হতে হবে বন্ধু, পরমতসহিষ্ণু আপনজন। মানুষের কল্যাণে সততার সঙ্গে সেবাধর্মী কাজে নিজেকে নিয়োজিত রাখাই ইসলামের মহান শিক্ষা। বিশেষ করে সবাইকে সমাজের খেটে খাওয়া মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।
তারেক রহমানের নেতৃত্বে আশাবাদ
ড. খন্দকার মারুফ বলেন, সরকারের ১০০ দিন সময়ে তারেক রহমানের গতিশীল নেতৃত্ব দেখে জনগণ আশাবাদী হয়ে উঠেছে। মানুষ মনেপ্রাণে বিশ্বাস করছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতির কল্যাণে তিনি মহানায়ক হয়ে রাষ্ট্রের হাল ধরেছেন। তারেক রহমান দ্রুত একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, জনগণের কাঙ্ক্ষিত উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা থাকলে বর্তমান নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবেন।
ড. খন্দকার মারুফ তার বক্তব্যে একটি সুন্দর সমাজ গঠনে আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উপস্থিত নেতৃবৃন্দ
ঈদগাহে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুল হক, দাউদকান্দি বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়া, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, মাহবুব আলম মোহন, সদস্য সচিব কাউসার আলম সরকার, দাউদকান্দি পৌর যুব দলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।



