ছাত্রদলের পদ ফিরে পেতে আবেদন করেছেন দলটি থেকে অব্যাহতি পাওয়া শেখ তানভীর বারী হামিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। সোমবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক ভিডিও পোস্টে এ কথা জানান হামিম।
ভিডিওতে কী বলেছেন হামিম?
ভিডিওতে হামিম বলেন, গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক তাকে শোকজ এবং পরবর্তীতে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে তৎকালীন সময়ে যারা গুপ্ত, যারা সবসময় ঘৃণিত অপকর্মে নিজেদের জড়িয়ে তারা যে গুপ্তবৃত্তি করে তা প্রমাণ করে। সে সময় তার বিভিন্ন বক্তব্যকে তারা ‘মিস কোড’ করে তাকে ছাত্রদলের মুখোমুখি দাঁড় করানোর একটি ভিন্ন চেষ্টা করেছিল। ঠিক একইভাবে পরবর্তীতে তারা ছাত্রদলের সদস্যদের ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ করেন হামিম।
তিনি বলেন, ‘কিন্তু আপনারা প্রত্যেকে জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রতিটি নাগরিক এবং প্রতিটি ধর্মের প্রতি সমান শ্রদ্ধাবোধ রাখে। সমান শ্রদ্ধাবোধ রেখে তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে।’
ছাত্রদল নেতাদের প্রতি কৃতজ্ঞতা
ছাত্রদলের শীর্ষ নেতাদের উদ্দেশে হামিম বলেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি বরাবরই আস্থা রেখেছেন। তারাও তার এই পথযাত্রায় সহযোগিতা করেছেন। তিনি এখনো অব্যাহতি প্রাপ্ত, তবে তিনি যেন দলীয় পতাকা সবসময় সমুন্নত রাখতে পারেন, দলীয় আদর্শের চর্চা অব্যাহত রাখতে পারেন, সেজন্য তারা সবসময় তাকে মানসিকভাবে সমর্থন এবং বিভিন্নভাবে গাইডেন্স দিয়েছেন। যেন তিনি যেটুকু ভুল করেছেন, সে ভুল থেকে সরে আসতে পারেন।
ডাকসু নির্বাচনে পরাজিত এই জিএস বলেন, অব্যাহতি পাওয়ার পর থেকে তার মনে হয়েছে, এটা একটা শিক্ষা। যেটা থেকে দলের প্রতি তার আরও দায়বদ্ধতা বেড়ে গিয়েছে। তিনি ধন্যবাদ জানান কঠিন সময়ে তাকে মানসিকভাবে সমর্থন দেওয়ার জন্য। তিনি যে অব্যাহতি পেয়েছেন, তা প্রত্যাহারের জন্য আবারও আবেদন করেছেন। তিনি আশা রাখছেন, তিনি যে দায়িত্বে ছিলেন তা অতিদ্রুত ফিরিয়ে দেওয়া হবে।
সবার কাছে দোয়া চেয়েছেন হামিম
সবার কাছে দোয়া চেয়ে হামিম বলেন, ‘আমি ছাত্রদলেরই সৃষ্টি হামিম এবং ছাত্রদলই আমার পরিচয়। জাতীয়তাবাদী আদর্শকে লালন এবং পালন করে আমৃত্যু যেন এ দলের সঙ্গে থাকতে পারি।’



