ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। রবিবার (৩১ মে) পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন তারা।
ঈদের ছুটি শেষ, অফিস শুরু
ঈদের ছুটি শেষ, অফিস শুরু হওয়ার কারণে রবিবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার দিকে ছুটছে। দূরপাল্লার গণপরিবহন, ব্যক্তিগত পরিবহনে ও মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে মানুষ। তবে অতিরিক্ত যানবাহনের চাপ নেই। নির্বিঘ্নে বিড়ম্বনা ছাড়াই কর্মস্থলে ফিরতে দেখা গেছে।
যাত্রীদের অভিজ্ঞতা
বরিশাল থেকে যাত্রীবাহী বাসে পদ্মা সেতু উত্তর প্রান্তে আসা যাত্রী আরিফ হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা ঈদে যেমন কোনও ভোগান্তি বা যানজট ছাড়াই বাড়িতে ঈদ করতে গিয়েছি। ঠিক তেমনি আসার পথেও কোনও ভোগান্তি বা যানজট ছিল না। এই বছর আমাদের ঈদ যেমন পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে কেটেছে তেমনি সড়কে কোনও ভোগান্তি ছিল না। সকাল ৮টায় স্ত্রী ছেলেকে নিয়ে বরিশাল থেকে বাসে রওনা হয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে এসে নেমেছি দুই ঘণ্টা ৩০ মিনিটে। সবমিলিয়ে এবার ট্রাফিক ব্যবস্থা সুন্দর ছিল। তাদের ধন্যবাদ, প্রতি বছর ঈদে এমন পরিসেবা যেন রাখে।'
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ১৩ কিলোমিটার এলাকায় কোথাও যানজট বা ভোগান্তি ছাড়াই মানুষ কর্মস্থলে ফিরতে দেখা গেছে।
ট্রাফিক পুলিশের বক্তব্য
মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউর হায়দার বাংলা ট্রিবিউনকে জানান, ঈদের ছুটি শেষ হয়ে সোমবার কর্মদিবস শুরু হওয়ার কারণে রবিবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার দিকে ছুটছে। তবে সেতু এলাকায় নেই যানবাহনের চাপ। গণপরিবহনগুলো এসে টোল দিয়ে স্বাচ্ছন্দ্যে সেতু পারাপার হচ্ছে। কোথাও কোনও যানজট নেই।



