ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির বিশেষ নির্দেশনা
ঈদযাত্রা নির্বিঘ্নে ডিএমপির বিশেষ নির্দেশনা

ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা ও পশুর হাটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ২৫, ২৬ ও ২৭ মে ঢাকার বাইরে যাতায়াতকারী যানবাহনের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

ঈদযাত্রার পরিসংখ্যান

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা মহানগর থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবেন। পবিত্র ঈদের সময় আনুমানিক ১ কোটির বেশি মানুষ ঢাকা মহানগর ত্যাগ করেন এবং প্রায় ৩০ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা এবং কোরবানির পশুর হাটসংলগ্ন যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ট্রাক চলাচল বন্ধের নির্দেশনা

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি ও খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাস চলাচলের নিয়ম

ডিএমপি জানিয়েছে, রুট পারমিটবিহীন বাস কোনোভাবেই চলাচল করতে পারবে না। আন্তজেলা বাসগুলোকে টার্মিনালের ভেতরে যাত্রী উঠিয়ে সরাসরি গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে হবে। কোনো অবস্থাতেই সড়কের ওপর বাস দাঁড় করানো যাবে না। অনুমোদিত কাউন্টার ছাড়া রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানো ও নামানোও নিষিদ্ধ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পার্কিং ও ফিটনেস নিয়ম

এ ছাড়া ঢাকা মহানগরে প্রবেশ ও বের হওয়ার সড়কগুলোতে কোনোভাবেই যানবাহন পার্কিং করা যাবে না। লক্কড়ঝক্কড়, ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ি রাস্তায় নামানো যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একমুখী রুটের নির্দেশনা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা-আশুলিয়া মহাসড়কের উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়কে ২৫, ২৬ ও ২৭ মে শুধুমাত্র ঢাকা মহানগর থেকে বের হওয়ার জন্য একমুখীভাবে সব ধরনের যানবাহন চলাচল করবে। এ সড়ক দিয়ে ঢাকায় প্রবেশ করতে চাওয়া যানবাহনগুলোকে আশুলিয়া-ধউর-পঞ্চবটি হয়ে মিরপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে গাবতলী বা অন্য এলাকায় প্রবেশ করতে হবে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী আসা-যাওয়ার দুটি লেনে ২৫, ২৬ ও ২৭ মে শুধুমাত্র ঢাকা থেকে বের হওয়ার জন্য একমুখী ডাইভারশন চালু থাকবে। এ সময় সব ধরনের যানবাহন ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তার দিকে চলাচল করবে। বিআরটির ঢাকামুখী লেন দিয়ে কোনো যানবাহন ঢাকায় প্রবেশ করতে পারবে না।

বাস ডিপো ব্যবস্থাপনা

ঢাকা শহরে যানজট কমাতে ঢাকা মহানগর এলাকার বিআরটিসি ডিপোগুলোর বাস ঢাকা শহর অতিক্রম না করার ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, গাবতলী বা কল্যাণপুর ডিপোর বাস রাজশাহী ও রংপুর বিভাগে এবং মতিঝিল ও ফুলবাড়িয়া ডিপোর বাস চট্টগ্রাম ও সিলেট বিভাগে চলাচল করবে।

পরিহারযোগ্য সড়ক

ঈদযাত্রাসংশ্লিষ্ট যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে জরুরি প্রয়োজন ছাড়া আগামী ২৫, ২৬ ও ২৭ মে কয়েকটি সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি। সড়কগুলো হলো— ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক (বনানী থেকে আব্দুল্লাহপুর), ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড), মিরপুর রোড (শ্যামলী থেকে গাবতলী), ঢাকা-কেরানীগঞ্জ সড়ক (ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ), ঢাকা-মাওয়া মহাসড়ক (যাত্রাবাড়ী থেকে বুড়িগঙ্গা ব্রিজ), মোহাম্মদপুর বসিলা ক্রসিং থেকে বসিলা ব্রিজ সড়ক এবং আব্দুল্লাহপুর থেকে ধউর ব্রিজ সড়ক।

ডিএমপি জানিয়েছে, যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে সংশ্লিষ্ট যানবাহনের মালিক, চালক, পশুর হাটসংশ্লিষ্ট ব্যক্তি ও নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।