বগুড়ায় ছিনতাই চক্রের সর্দারসহ সাতজন গ্রেফতার, পরিচয় দিত পুলিশ-সাংবাদিক
বগুড়ায় ছিনতাই চক্রের সর্দারসহ সাতজন গ্রেফতার

বগুড়ায় অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী একটি চক্রের সর্দারসহ সাত সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা কখনো পুলিশ, কখনো ডিবি পুলিশ, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে কৌশলে ছিনতাই করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের অভিযান

ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার সকালে বগুড়া শহর ও দুপুরে রংপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাই করা চারটি অটোরিকশা ও ইজিবাইক, দুটি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতার ছিনতাইকারীরা হলেন- মুন্সীগঞ্জের দক্ষিণ চর মশুরা গ্রামের মঞ্জিল শিকদারের ছেলে মামুন শিকদার (৪০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবিরাজ দুধল গ্রামের বাবুল পাটোয়ারীর ছেলে মিঠু পাটোয়ারী (৩০), গাইবান্ধা সদরের ব্যাপারীপাড়ার মধু মণ্ডলের ছেলে সুমন মিয়া (৩০), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে জাকির হোসেন (৪০), একই জেলার বাউফল উপজেলার আবুল কাশেম হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার (৪৬), রংপুরের হারাগাছা উপজেলার বানুপাড়ার মকবুল বেগের ছেলে ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও একই এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (৪২)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছিনতাইয়ের ঘটনা

ডিবি পুলিশ জানায়, গত ৪ মে রাতে এক ইজিবাইক চালক বগুড়া সদর থানায় অভিযোগ করেন, গত ২৫ এপ্রিল দুপুরে ঠেঙ্গামারার টিএমএসএস হাসপাতালে এক যাত্রীকে নামিয়ে দেওয়ার পর অপর এক ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। তার হাতে পুলিশের ওয়াকিটকি ছিল। এ ব্যাপারে তিনি সদর থানায় মামলা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ

ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে সকাল পৌনে ৬টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকার খাজা হাইওয়ে আবাসিক হোটেল থেকে ছিনতাইকারী মামুন শিকদার, মিঠু পাটোয়ারী, সুমন মিয়া, জাকির হোসেন ও নিজাম হাওলাদারকে গ্রেফতার করে। তাদের কাছে ছিনতাইকাজে ব্যবহৃত দুটি ওয়াকিটকি সেট, একটি চার্জার, একটি ব্যাটারি, চাবিসহ একটি প্রাইভেট কার, ছয়টি অটো গাড়ির চাবি, পাঁচটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্ট মোবাইল ফোন, একটি মার্তুল ও একটি কালো স্কচটেপ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, বগুড়া থেকে ছিনতাই করা চারটি অটোরিকশা ও ইজিবাইক রংপুর মেট্রোপলিটনের হারাগাছা উপজেলার বানুপাড়া এলাকায় বিক্রি করেছেন। ওই দিন দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইজিবাইক ক্রেতা ওবায়দুল ইসলাম ও জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। জাহিদুলের দোকান থেকে মামলার বাদীর ছিনতাই হওয়া ইজিবাইকসহ চারটি অটোরিকশা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য

অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে চুরি, দস্যুতার একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করে রংপুরে বিক্রি করত। তারা নিজেদের কখনও ডিবি পুলিশ, কখনো পুলিশ, আবার কখনো সাংবাদিক পরিচয় দিয়ে ইজিবাইক ছিনতাই করত। বুধবার দুপুরে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।