দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরেও হাই সিকিউরিটি অ্যালার্ট (উচ্চ নিরাপত্তা) জারি করা হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে জারিকৃত সতর্কবার্তার পর সৈয়দপুর বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) থেকে বিমানবন্দর এপিবিএনসহ অন্যান্য সংস্থা বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নজরদারি বাড়িয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া। তিনি বলেন, 'সদর দফতর (বেবিচক) থেকে আমাদের কাছে এখনও চিঠি আসেনি। তবে মৌখিক নির্দেশনা অনুযায়ী হাই সিকিউরিটি অ্যালার্ট জারি তথা উচ্চ নজরদারি বাড়িয়েছি। বিমানবন্দরসহ আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'বিমানবন্দরে হামলার বিষয়ে নির্দিষ্ট কোনও হুমকি বা তথ্য পাওয়া যায়নি। তবে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থার পাশাপাশি উচ্চ নজরদারি নেওয়া হয়েছে। যদিও বিমানবন্দর সব সময় নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও নজরদারি আরও বাড়ানো হয়েছে।'
সংশ্লিষ্ট সূত্রমতে, বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। আগমন ও বহির্গমন পয়েন্টে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। এর পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ সব স্থানে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



