সীতাকুণ্ডে র্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, যৌথবাহিনীর অভিযান
সীতাকুণ্ডে র্যাব ক্যাম্পে গুলি, যৌথবাহিনী মাঠে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে অবস্থিত র‍্যাব ক্যাম্পে মুহুর্মুহু গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এই ঘটনার পর সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযানে নামে। রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দিবাগত রাত ১টার পর জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা মুহুর্মুহু গুলি বর্ষণ করে। এই হামলার জন্য তিনি ইয়াসিন বাহিনীকে দায়ী করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ এই হামলা চালিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

যৌথবাহিনীর প্রতিক্রিয়া

অভিযানে থাকা র‍্যাবের এক কর্মকর্তা জানান, রাত ৩টায় যৌথ বাহিনী জঙ্গল সলিমপুর এলাকা ঘেরাও করেছে। চট্টগ্রাম নগরের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়ক ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিকে একটি সড়ক পাহাড়ের ভেতরে ঢুকে যায়, যা সলিমপুরের শুরু। জঙ্গল সলিমপুর ও আলীনগর—মূলত দুটি অংশে বিভক্ত এই এলাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলাকার পটভূমি

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এখানে ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। প্রায় তিন দশক ধরে জঙ্গল সলিমপুর এলাকা নিয়ন্ত্রণ করে আসছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী। সন্ত্রাসীরা পাহাড় উচ্ছেদ করে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে। তারা দেশের জলবায়ু উদ্বাস্তুদের স্বল্পমূল্যে পাহাড়ে ঘর করার সুযোগ দিত, আর নিজেরা গড়ে তুলেছে অস্ত্র ও মাদকের সাম্রাজ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী অভিযান

গত ৯ মার্চ যৌথবাহিনীর (সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি) অভিযানে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ হারায়। সরকার সেখানে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে। তবে ৯ মার্চের অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন, রোকন বাহিনীর প্রধান রোকন উদ্দিন, মশিউর রহমান, নুরুল হক ভান্ডারি, গাজী সাদেক, গোলাম গফুরসহ কয়েকজন সন্ত্রাসী এখনো পলাতক। এলাকাবাসী জানান, অভিযানের আগে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা রোকনের দখলে এবং আলীনগর এলাকা ইয়াসিনের দখলে ছিল।