বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলাকেটে হত্যা
বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলাকেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় এক গৃহবধূকে ঘরে ঢুকে গলাকেটে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মোমিনহাটা দক্ষিণপাড়ায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

হত্যাকাণ্ডের বিবরণ

বৃহস্পতিবার সকালে গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে কিছু জানা যায়নি। নিহতের নাম রীতা রানী মজুমদার (৪৮)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মোমিনহাটা দক্ষিণপাড়ার বিধান চন্দ্র মজুমদারের স্ত্রী। তাদের ছেলে বিশ্বজিৎ মজুমদার ও মেয়ে প্রার্থনা মজুমদার কাজ ও পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। বাড়িতে রীতা ও বিধান আলাদা ঘরে ঘুমাতেন। বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলা কেটে রীতাকে হত্যা করে।

স্বামীর বর্ণনা

নিহতের স্বামী বিধান চন্দ্র মজুমদার জানান, বুধবার রাত ১০টার দিকে স্ত্রীর সঙ্গে খাবার খেয়ে প্রতিদিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান তারা। রাত সোয়া ১২টার দিকে ঘরের দরজায় জোরে ধাক্কা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। এ সময় স্ত্রীর ঘর থেকে গোঙানির শব্দ শুনে সেখানে ছুটে যান। দেখেন, ঘরের দরজা খোলা ও মেঝেতে রীতার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। তিনি চিৎকার দিয়ে বের হলে বাড়ির প্রধান দরজা খোলা দেখতে পান। তিনি এ হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু বলতে পারেননি। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের ধারণা

এলাকাবাসীর ধারণা, রীতার কাছে অনেক টাকা থাকতো। দুর্বৃত্তরা টাকার জন্য তাকে হত্যা করেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, 'গৃহবধূ রীতা রানী মজুমদারের গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পড়েছিল। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যারহস্য উন্মোচন ও ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে কাজ চলছে।' পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।