ঠাকুরগাঁওয়ে শিশুর অলঙ্কার চুরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, স্বামীর মাথা ন্যাড়া
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরে এক শিশুর অলঙ্কার চুরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দেওয়া হয়েছে। উত্তেজিত জনতা স্বামী ইমরান আলীর মাথা ন্যাড়া করে দেন। রোববার বিকালে টিএন্ডটি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে টিএন্ডটি এলাকার রাস্তায় সাত বছরের এক শিশু খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত রুপালী আক্তার কৌশলে শিশুটির পা থেকে রুপার নুপুর খুলে নেন। এরপর কানের স্বর্ণের দুল খোলার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে।
স্থানীয়রা এগিয়ে এসে রুপালীকে হাতেনাতে ধরে ফেলেন এবং পার্শ্ববর্তী একটি স্কুলের সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিতে শুরু করেন। ঘটনার এক পর্যায়ে স্ত্রীকে রক্ষা করতে স্বামী ইমরান আলী এগিয়ে এলে জনরোষের শিকার হন তিনি। উত্তেজিত নারী-পুরুষরা চুরির ক্ষোভে ইমরানের মাথার চুল ন্যাড়া করে দেন এবং তাকেও মারধর করেন।
স্থানীয়দের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, এই দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। আটক রুপালী আক্তার ও তার স্বামী ইমরান আলীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিনের মাদক ব্যবসা ও চুরির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশের পদক্ষেপ
পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার সংবাদ পেয়ে কৌশলে সরে পড়েন ইমরান। তবে পুলিশ আহত অবস্থায় রুপালী আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুপালী ও ইমরানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইমরান সম্প্রতি একটি মাদক মামলায় জেল খেটে জামিনে বের হয়েছেন।
তিনি আরও জানান, শিশুটির অলঙ্কার চুরির ঘটনায় রুপালী আক্তারের নামে নিয়মিত চুরির মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।



