কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। অটোরিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে র্যাব-১০-এর একটি টহল দল শনিবার (২৩ মে) দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে।
অভিযুক্তের পরিচয় ও ঘটনার প্রেক্ষাপট
অভিযুক্ত শাহ পরানের বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়। জানা গেছে, ওই শিশুর পরিবার ও অভিযুক্ত শাহ পরান দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকায় বসবাস করে। ঘটনার দিন দুপুরে শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। এই সুযোগে ধর্ষক শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাসা থেকে বের করে ঘুরতে নিয়ে যায়।
অটোরিকশাচালকের সন্দেহ ও সাহসিকতা
পরে তাদের বহনকারী অটোরিকশাচালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব-১০-এর টহলরত টিমকে জানান। অটোচালক মো. রাকাত হোসেন (৩৮) জানান, যুবকটি শিশুটিকে নিয়ে ঝিলমিল এলাকায় যাওয়ার জন্য তার রিকশায় ওঠে। রিকশায় ওঠার পর যুবকটির কথাবার্তায় সন্দেহ হয়। এরপর তিনি তাদের ঝিলমিল এলাকায় নামিয়ে ঘটনাটি বোঝার জন্য একটু দূরে গিয়ে অপেক্ষা করতে থাকেন। এ সময় যুবকটি শিশুটিকে নিয়ে একটি ঝোপের ভেতর যায় এবং সেখান থেকে শিশুটির কান্নার শব্দ পান। তখন তিনি দ্রুত র্যাব-১০-কে জানান।
উদ্ধার ও আইনগত ব্যবস্থা
খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে আটক করে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। আসামি র্যাবের হেফাজতে আছে। র্যাব আসামিকে থানায় হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



