গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমিন আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর্তমান স্বামী সুজন (৩৩) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) বিকালে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
নিহত নাজমিন আক্তার বরিশালের পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুলখালি গ্রামের নূর ইসলামের মেয়ে। দুই মাস আগে তিনি বর্তমান স্বামী সুজনকে নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেছিলেন। আশপাশের ভাড়াটিয়ারা জানান, কয়েক বছর আগে জাকির হোসেনের সঙ্গে নাজমিনের বিয়ে হয়। পাঁচ-ছয় মাস আগে নাজমিন জাকিরকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। পরে প্রাইভেটকার চালক সুজনের সঙ্গে নাজমিনের বিয়ে হলে তারা টঙ্গীতে ভাড়া বাসায় উঠেন।
আক্রমণের সময়
মঙ্গলবার বিকাল চারটার দিকে জাকির হোসেন নাজমিনের বাসায় গিয়ে তার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে জাকিরের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে নাজমিনের পেটে উপর্যুপরি আঘাত করেন। বিষয়টি টের পেয়ে বর্তমান স্বামী সুজন এগিয়ে এলে তাকেও জাকির ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাজমিনের মৃত্যু হয় এবং সুজন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য
এলাকাবাসী আহত সুজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায় এবং ঘাতক জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, ঘাতক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।



