টানা কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। আগামী সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন এবং তার পদত্যাগের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার। রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।
হরমুজ প্রণালিতে টোল বসানোর হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র টোল আরোপ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাম্প ডেভিডে সপ্তাহান্তের ছুটির সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে হওয়া প্রাথমিক চুক্তিতে এই জলপথ দিয়ে ৬০ দিন টোলমুক্ত চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। এপি এ খবর জানিয়েছে।
মিনাবের শিশুদের স্মরণে গালিবাফ
মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার কারিগরি আলোচনা শুরুর আগে মিনাব স্কুলে হামলায় নিহত শিশুদের প্রসঙ্গ তুলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেন, 'মিনাবের শিশুরা আমাদের দেখছে,' যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪ দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনায় তাদের আত্মত্যাগ তার চিন্তার কেন্দ্রে থাকবে।
ইরানই বিজয়ী, মনে করেন ৯২% ইসরায়েলি
ইরানের সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন অধিকাংশ ইসরায়েলি। হিব্রু ইউনিভার্সিটির এক জরিপে অংশ নেওয়া ৯২.১% উত্তরদাতা মনে করেন, এই লড়াইয়ে তেহরানই জয়ী হয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
জি-৭ সম্মেলনে এআই নেতাদের রাষ্ট্রপ্রধানের মর্যাদা
ফ্রান্সের আল্পসে জি-৭ সম্মেলনে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আসন দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই কোম্পানির সিইওদের। তাদের সঙ্গে স্বাধীন রাষ্ট্রের প্রধানের মতো আচরণ করা হয়েছে, যা ভূরাজনীতিতে এক ঐতিহাসিক দৃশ্য।
তুরস্কের প্রথম ন্যাটোভুক্ত দেশে যুদ্ধজাহাজ রফতানি
তুরস্ক প্রথমবারের মতো ন্যাটো ও ইইউ সদস্য দেশে যুদ্ধজাহাজ রফতানি করেছে। রোমানিয়ার সাথে বিক্রয় চুক্তির মাধ্যমে এই মাইলফলক অর্জিত হয়েছে, শনিবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন।



