ত্রিশালে পাঁচ বছরের শিশু ধর্ষণ: ইমাম শাহিনুর কারাগারে
ত্রিশালে শিশু ধর্ষণ মামলায় ইমাম শাহিনুর কারাগারে

ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম মোহাম্মদ শাহিনুর ইসলামকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার রাতে ত্রিশাল থানায় মামলা করেছেন শিশুটির পিতা।

ঘটনার বিবরণ

ভুক্তভোগী পরিবার ও মামলার সূত্রে জানা যায়, ইমাম শাহিনুর ইসলামের কাছে শিশুটি আরবি পড়তে যেত। সঙ্গে আরও দুই ছেলে শিশুও আরবি পড়তে যেত। শনিবার বিকালে শিশুটি আরবি পড়তে গেলে নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরেনি। দেরি হওয়ায় শিশুটির মা খোঁজ নিতে গিয়ে মসজিদের ভেতর তার মেয়ে ও শাহিনুর ইসলামকে উলঙ্গ অবস্থায় দেখতে পান।

এ দৃশ্য দেখে শিশুটির মায়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ইমামকে আটক করেন। তারা ইমামকে মারধর করে মসজিদের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে উত্তেজিত জনতা ইমামকে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর মায়ের বক্তব্য

শিশুটির মা অভিযোগ করে বলেন, "এ দুশ্চরিত্র ইমাম আমার মেয়ের সঙ্গে আরও অনেকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছে। ইমাম মেয়েকে ভয় দেখিয়ে এ ঘটনা ধামাচাপা দিয়ে রেখেছিল।" তিনি আরও বলেন, "আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই, যেন ভবিষ্যতে কোনো শিশুর সঙ্গে এমন ঘটনা না ঘটে।"

অভিযুক্ত ইমামের পরিচয়

অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব।

ভুক্তভোগী শিশুর অবস্থান

ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও আইনি ব্যবস্থা

শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠান। ত্রিশাল থানার ওসি মো. মনসুর আহমেদ বলেন, "ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।"

মানববন্ধন

এ ঘটনায় শিশুটির সহপাঠীরা রোববার সকালে বিচার চেয়ে ত্রিশাল পোড়াবাড়ী রোডে মানববন্ধন করেছে।