বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, মেঘনা উপজেলায় নদীতে চাঁদাবাজি, মাদক কারবারি, জুয়া, সন্ত্রাস ও অবৈধ বালুখেকো দমন করতে বর্তমান সরকারের নীতিগত অবস্থান জিরো টলারেন্স। এসব সমাজবিরোধী কর্মকাণ্ড কিছুতেই সহ্য করা হবে না। কেউ রক্ষা পাবে না। যেই হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য
বুধবার কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতিনিধি হিসেবে ড. খন্দকার মারুফ হোসেন এ সভায় যোগ দেন।
উন্নয়নে বিএনপির ভূমিকা
ড. খন্দকার মারুফ বলেন, মেঘনা উপজেলা নদীবেষ্টিত একটি এলাকা। এখানে যা উন্নয়ন হয়েছে, শুধুমাত্র বিএনপির আমলেই হয়েছে। বিগত ১৭ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ নিরাপদে ও সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সেই বিশ্বাস থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের জনগণের বিপুল ভোটে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করেছে। আর এই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশ ও জাতির স্বার্থরক্ষায় খালকাটা কর্মসূচি, ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে জনগণের প্রশংসা কুড়িয়েছেন। তারেক রহমানের হাত ধরেই ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা
ড. খন্দকার মারুফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে মননশীল ও আধুনিক পরিকল্পনায় উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। তার নেতৃত্বে আগামী দিনে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আইন-শৃঙ্খলা উন্নয়নে দিকনির্দেশনা
ড. খন্দকার মারুফ হোসেন সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী ও সদস্য সচিব এম. এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন।



