এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল ইসি
এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রক্রিয়া সহজ করতে ভোটার হওয়ার বা এনআইডি আবেদনের সময় কেউ এসএসসি পাস করলে তার সনদ সার্ভারে আপলোড করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখার পরিচালক মো. সাইফুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা সব মাঠ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় কী বলা হয়েছে

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার বা পরিচয় নিবন্ধনের অন্যতম ধাপ হিসেবে কিছু নথি ডাটাবেজে সংযুক্ত করতে হয়। এর মধ্যে রয়েছে নিবন্ধন ফরম-২, নিবন্ধন ফরম-৩, বিশেষ তথ্য ফরম (প্রযোজ্য ক্ষেত্রে), জন্ম সনদ, এসএসসি বা সমমান সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট এবং আবেদনকারীর স্বাক্ষরিত প্রুফ কপি। নিবন্ধন পরবর্তী সময়ে বিশেষ করে সার্টিফিকেটধারী ব্যক্তির এনআইডির তথ্য সংশোধন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে জন্ম তারিখের সঠিকতা যাচাইয়ের জন্য এসএসসি বা সমমান সনদ, নিবন্ধন ফরম ও জন্ম সনদ যাচাইয়ের প্রয়োজন হয়।

সমস্যা চিহ্নিত

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি নথি সংযুক্তকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, সংশ্লিষ্ট আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তদূর্ধ্ব হওয়া সত্ত্বেও কিছু উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে এসএসসি বা সমমান সনদ ডাটাবেজে সংযুক্ত করা হচ্ছে না। ফলে এনআইডি সংশোধনের সময় এসএসসি সনদ যাচাই সম্ভব হয় না। এতে সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয়। কিছু ক্ষেত্রে প্রুফ কপি থাকলেও শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনকারী অস্বীকার করে। ফলে সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট আবেদনকারীর মধ্যে এক ধরনের অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়, যা নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন নির্দেশনা

এ অবস্থায় নিবন্ধিত ব্যক্তি মাধ্যমিক বা তদূর্ধ্ব পাস হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার ও উপজেলা বা থানা নির্বাচন অফিসার নিবন্ধনের সময় এসএসসি বা সমমান সনদ (জন্ম তারিখ সম্বলিত) আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করবেন। নিবন্ধিত ব্যক্তি যদি উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি বা সমমান ডিগ্রিধারী হন, তাহলেও তার এসএসসি বা সমমান সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করতে হবে। পাশাপাশি এসএসসি সনদসহ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদটি দাখিলকৃত নিবন্ধন ফরম, জন্ম সনদ ও অন্যান্য দলিলের সাথে হার্ড কপি আকারে স্ব স্ব অফিসে সংরক্ষণ করতে হবে।

তদারকি

সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসারগণ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ অফিস পরিদর্শনসহ বিভিন্ন সময় দ্বৈবচয়নের ভিত্তিতে এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং করবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।