ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, দেশটির আঞ্চলিক জলসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন এমকিউ-১ ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। আইআরজিসির সংবাদ সংস্থা সেপাহ নিউজের বরাতে ইরনা জানিয়েছে, রোববার ভোরে ড্রোনটি একটি ‘শত্রুতামূলক মিশন’ পরিচালনার উদ্দেশ্যে ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। পরে উন্নত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সেটিকে লক্ষ্য করে ভূপাতিত করা হয়।
আইআরজিসির বিবৃতি
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের আঞ্চলিক জলসীমার আকাশসীমা সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের জবাব কঠোর ও সিদ্ধান্তমূলকভাবে দেওয়া হবে। বাহিনীটি আরও দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরাইলি অবস্থান ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালায়।
যুদ্ধবিরতি কার্যকর
আইআরজিসির তথ্য অনুযায়ী, ৪০ দিনব্যাপী সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় ২০২৬ সালের ৭ এপ্রিল ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল জোটের মধ্যে প্রথমবারের মতো দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ড্রোন ভূপাতিতের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্বাধীন কোনো সূত্র থেকেও ঘটনাটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।



