ভারতীয় সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে অপারেশন সিন্ধুর পরবর্তী ধাপ অপারেশন সিন্দূর ২.০-এ যেতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার (৩০ মে) তিনি বলেন, সেনা, নৌ ও বিমানবাহিনী আধুনিক বহু-মাত্রিক যুদ্ধ পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সক্ষমতা আরও জোরদার করছে। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এনডিএ পাসিং-আউট প্যারেডে বক্তব্য
পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেডের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।
অপারেশন সিন্দূর ২.০-এর প্রস্তুতি
সেনাপ্রধান বলেন, অপারেশন সিন্ধুর এখনও চলমান। বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই ভারতীয় সেনাবাহিনী এবং তিন বাহিনীই অপারেশন সিন্ধুর ২.০-এর মতো পরিস্থিতি এলে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।
অপারেশন সিন্দূর থেকে শিক্ষা
অপারেশন সিন্দূর থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করে জেনারেল দ্বিবেদী বলেন, এই অপারেশন প্রমাণ করেছে যে ভারত একটি পরিমাপিত ও কার্যকর সামরিক জবাব দিতে সক্ষম। তিনি বলেন, এই অপারেশনটি সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স, নির্ভুল লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা, সুরক্ষিত যোগাযোগ এবং বিভিন্ন ডোমেইনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের গুরুত্বকে রেখাপাত করেছে।
পাহলগাম হামলার প্রেক্ষাপট
উল্লেখ্য ২০২৫ সালের এপ্রিলে পাহলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে ওই বছরের মে মাসে অপারেশন সিন্দূর শুরু করেছিল ভারত।



