কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি গানের আসরে সংসদ সদস্য জসিম উদ্দিনের টাকা ছিটানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (২৫ মে) দিনভর কুমিল্লা-৫ আসনের এমপির ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ঘটনার বিবরণ
শনিবার (২৪ মে) রাত ১টার দিকে সংসদ সদস্য জসিম উদ্দিন নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি গানের আসরের লাইভ সম্প্রচার করেন। ১৫ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, 'লা ইলাহা ইল্লাল্লাহ' ইসলামি গানের তালে তালে সবাই হাততালি দিচ্ছেন এবং এমপি জসিম উদ্দিন শিল্পীদের ওপর টাকা ছিটাচ্ছেন। একজন আইনপ্রণেতার এমন ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় সূত্রের তথ্য
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মালদ্বীপ প্রবাসী রাহাত হোসেনের বাড়িতে একটি ঘরোয়া গানের আসরের আয়োজন করা হয়। আমন্ত্রিত হয়ে সেখানে গান উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন। গান উপভোগের সময় ভালো লাগার মুহূর্তে তিনি গায়কের ওপর টাকা ছিটিয়ে দেন। এ সময় তিনি সুরের মূর্ছনায় তালি দিয়ে সুর মেলান।
মিশ্র প্রতিক্রিয়া
এমপির এমন ভিডিও দেখে অনেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, দেশের একজন আইনপ্রণেতার জন্য এভাবে গানের আসরে টাকা ছিটানো ঠিক হয়নি।
বিষয়টি নিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



