আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। রোববার (২৪ মে) বিকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নজরুলের কবর ও দর্শন প্রসঙ্গে আইনমন্ত্রী
আসাদুজ্জামান বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সমাহিত করা হয়। তিনি আরও বলেন, কবি নজরুল বিশ্বাস করতেন ‘সবার ওপরে মানুষ সত্য, তার ওপরে নাই’। যারা নজরুলকে ভালোবেসেছেন, তারাই তাঁর গভীরতা উপলব্ধি করতে পারেন।
এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি বন্ধের প্রসঙ্গ
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া বন্ধ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার জনগণের টাকায় বিলাসিতায় বিশ্বাস করে না।
অনুষ্ঠানের অন্যান্য বক্তা ও অতিথি
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরীফুল আলম, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া ও ময়মনসিংহ জেলা দায়রা জজ জাকির হোসেন।
আলোচক হিসেবে ছিলেন নজরুল গবেষক ড. মো. খালেকুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ড. মো. হাবিব-উল মাওলা ও কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম। পরে নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



